এইতো কিছুদিন পূর্বে একটি সংবাদপত্রে একটা নিউজ দেখতে পেলাম। যেখানে দেখা গেলো একজন ৭৫ বছরের বৃদ্ধ আইনজীবী হওয়ার পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। তার স্ত্রী পরীক্ষার্থী স্বামীর জন্য আনন্দিত। তার এই অসীম সাহসীকতাকে অবশ্যই ধন্যবাদ জানাই; তার সাথে সাথে এটিও বুঝতে পারলাম, সেদিন আর বেশি দূরে নয় যেদিন শুনবো একই পরিবারের দাদা, বাবা, ছেলে ও নাতি একইসাথে আইনজীবী হয়েছেন। বিষয়টি দিনদিন এমন হয়ে যাচ্ছে, একজন ব্যক্তির কোনো কিছু ভালো লাগছে না, তিনি ভাবলেন, ধুর আইনজীবী হই। অথবা তিনি এভাবেও ভাবতে পারেন, আইনজীবী হতে তো তিনটি পরীক্ষা দিতে হবে, ধ্যাততেরি, শিক্ষানবিশ আইনজীবী হই।
সমস্যার মূল কারণ
এইযে আইনজীবী হই কিংবা শিক্ষানবিশ আইনজীবী হই এই সমস্যার মূলে রয়েছে আইনজীবী হওয়ার জন্য সর্বশেষ বয়স নির্ধারণ নেই। অর্থাৎ বাংলাদেশের প্রচলিত কোনো আইনে বলা নেই, এতো বয়সের পর আপনি আর আইনজীবী হতে পারবেন না। তবে বাংলাদেশ বার কাউন্সিল আইনের ২৭(১) অনুচ্ছেদে এটা বলা আছে, একজন প্রার্থীকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য অন্তত ২১ বছর পূর্ণ হতে হবে। সুতরাং বিয়ের বয়স নির্ধারণ করা আছে, বাবা হওয়ার বয়স নির্ধারণ নেই। যার ফলে আইনজীবী পেশা অনেকটা হুমকির মুখে ধাবিত হচ্ছে। তাই এই পেশায় বটতলা, গারদখানা ও পুলিশ স্টেশন উকিলের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
তরুণ আইনজীবীদের বাস্তবতা
একজন ফ্রেশার বা রেগুলার স্টুডেন্ট। যার স্বপ্ন থাকে আইনজীবী হওয়ার। যিনি প্রতিনিয়ত যুদ্ধ করেন একজন দক্ষ ও চৌকস আইনজীবী হতে। তার স্বপ্ন গুলো অংকুরে বিনষ্ট হচ্ছে আইনজীবী হওয়ার বয়সসীমা নির্ধারণ নেই বলে। অধিকাংশ পেশার মতো আইনজীবীও একটি সিনিয়র নির্ভর পেশা। তবে আমাদের দেশের মানুষ যে প্রবাদটি বেশি অনুসরণ করে সেটি হচ্ছে, প্রথমে দর্শনধারী পরে গুন বিচারী। তাই এখনো আমাদের দেশের মানুষ কালো চুল ও তরুণ ত্বকের যুবকের চেয়ে, চুল-দাড়ি পেকে যাওয়া মানুষটার উপর বেশি নির্ভর করেন।
অর্থাৎ বাস ড্রাইভার যদি তরুণ হয় যাত্রীরা বলবে এই ছেলেটা নির্ঘাত মুখোমুখি সংঘর্ষ করবে, আর যদি ড্রাইভার বয়ষ্ক হন তাহলে যাত্রীরা চোখ বন্ধ করে নাক ডেকে ঘুমাবে। হোক সেই বয়ষ্ক ড্রাইভার চোখে কম দেখেন। এটাই আমাদের দেশের মানুষের সাইকোলজি। সেই সাইকোলজি থেকে আদালত প্রাঙ্গণে একজন ভুক্তভোগী এসে প্রথমেই জিজ্ঞেস করেন, সিনিয়র নেই? মানে, আপনি আইনজীবী হিসেবে ১২ বছর প্র্যাকটিস করে ফেলেছেন, অথচ আপনার চুল একটু কালো ও দাড়ি পাকে নি। সঙ্গে সঙ্গে ক্লাইন্ট ধরে নিবেন, আপনি কিছুই জানেন না।
হ্যাঁ, এটা অবশ্যই সত্য আইন পেশা একটা সিনিয়র নির্ভর পেশা। তবে কিছুকিছু ক্ষেত্রে, চেহারা সুরতে আপনি সিনিয়র না হলে এই পেশায় প্রথমেই আপনি মাইর খেয়ে যাবেন। আর সে-ই সুযোগটা নিয়ে নিচ্ছেন আইন না জানা ওসব বয়স ভিত্তিক তথাকথিত সিনিয়র আইনজীবী। এতে করে প্রতিনিয়ত যেমন ভিত্তিহীন মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তেমনি মামলা পরিচালনার ক্ষেত্রেও জটিলতা তৈরি হচ্ছে। ভুক্তভোগী মানুষ আদালতে এসে আরো বেশি ভুক্তভোগীর শিকার হচ্ছেন।
করণীয় পদক্ষেপ
সকল আইনজীবীদের অভিভাবক হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল। সুতরাং এই মুহূর্তে বার কাউন্সিল এর উচিত যুগ উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা। অতীতের নিয়মে চললে এই সমস্যা আরো বেশি পুঞ্জীভূত হবে। অত্যন্ত দুখের বিষয়, এখনো পাস কোর্স গুলো চলছে। যে কলেজ গুলোই এই ধরনের সমস্যার জন্ম দিচ্ছে। ল’ কলেজ গুলো একটা সঠিক নিয়মে নিয়ে আসা জরুরি। যেকেউ যেকোনো সময় ঐ কলেজে ভর্তি হয়ে দুই বছরের ল’ পড়ে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে নিজেকে দাবি করছে। তাছাড়া অনেক ল’ কলেজ এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এর অভিযোগ রয়েছে।
এক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিল নিম্নোক্ত পদক্ষেপ গুলো গ্রহণ করতে পারে-
- রেগুলার স্টুডেন্ট ব্যাতিত কেউ আইন সাবজেক্ট পড়তে পারবে না;
- ৪০ বছরের উর্ধ্বে কেউ আইনজীবী সনদ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না;
- একবার যে ব্যক্তি ক্লার্ক হিসেবে নিজের পরিচয় পত্র নিয়েছে তিনি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবেন না;
- ল’ কলেজ গুলো ২ বছরের পরিবর্তে ৪ বছরের কোর্সে স্টুডেন্ট ভর্তি নিবে এবং বছরে ৮০ জনের বেশি ভর্তি নিতে পারবে না;
- অন্য পেশা বা সাবজেক্ট থেকে যিনি ল’ বিষয়ে পড়তে চান তাকে অবশ্যই বার কাউন্সিল থেকে পারমিশন নিতে হবে;
- দ্বৈত পেশায় নিয়োজিত ব্যক্তিকে সনদ সারেন্ডারের নির্দেশ দিতে হবে, অন্যথায় সাজার ব্যবস্থা গ্রহণ করবে;
- অনিয়মে অভিযুক্ত কলেজ বা ভার্সিটিতে আইন বিষয়ক অধ্যয়ন বাতিল করা;
আদালতের নির্দেশনা
এছাড়া বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ২০১৭ সালে বাংলাদেশ বার কাউন্সিল -বনাম- এ.কে.এম ফজরুল করিম মামলায় বার কাউন্সিলকে আইনজীবী সনদ প্রদান এর জন্য একজন ব্যক্তির সর্বোচ্চ বয়স ৪০ বছর নির্ধারণের জন্য দিকনির্দেশনা প্রদান করেছে। আদৌও সে বিষয়ে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ঠিকাছে মানলাম, ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা সহ অনেক দেশেই বয়সসীমা নির্ধারণ নেই। তা-ই বলে আমরা কেনো বয়সসীমা নির্ধারণ করে উদাহরণ হয়ে উঠবো না?
উপসংহার
পরিশেষে বলতে চাই, বর্তমানে আইনজীবীর সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে ১৮ কোটি মানুষের জন্য ৮০ হাজার আইনজীবী নগন্য। তাই বলে, দাদা-চাচাদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তি করার মতো অসহায়ত্ব এখনো আসে নি। অসংখ্য তরুণ রয়েছে যারা আইনজীবী হওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। যাদের সামনে আছে অগণিত সময়। যারা নিজেদের ঘষামাজা করে দীর্ঘ সময় অতিক্রান্তে দক্ষ আইনজীবী হয়ে উঠবেন। আইন জগতের এই মহা সমুদ্র সেসব তরুণদের দিকে তাকিয়ে।
তাই আইনের মর্যাদা ও গৌরব ফিরিয়ে আনতে এখনই সময় আইনজীবী হওয়ার বয়সসীমা নির্ধারণ করে একই পরিবারের দাদা-বাবা-ছেলে ও নাতিকে একইসাথে আইনজীবী হওয়ার সুবর্ণ সুযোগ থেকে বিতরিত করার। তা না হলে, ঐ পরিবারের জন্য বিষয়টি যতটা সৌভাগ্যের, তার চেয়ে অনেক বেশি আইন পেশা ও ন্যায়বিচার প্রর্থীদের জন্য দুভার্গ্যের।
আবদুল্লাহ আল আশিক | এডভোকেট | বাংলাদেশ সুপ্রিম কোর্ট